শুরু হয়েছে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে এই প্রতিযোগিতার আয়োজন করেছে আরটিভি।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও সানিয়া সুলতানা লিজা।
আরটিভি ইতোপূর্বে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন থেকে প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকরা। এই ৫ হাজার জন থেকে বিচারকদের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য।
আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’-এর চূড়ান্ত বাছাই পর্ব। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হবে।
আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। প্রতি শনি এবং বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। একই সঙ্গে লাইভ সম্প্রচার হবে আরটিভি লাইভ আপডেট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।